যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী পাচ্ছেন এমআই৬-এর প্রধানের দায়িত্ব। ২০২৫ সালের শেষ নাগাদ গোপন বৈদেশিক গোয়েন্দা সংস্থাটির ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নেবেন ব্লেইজ মেট্রিয়েলি।
গতকাল রবিবার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ব্লেইজ মেট্রিয়েলি বর্তমানে এমআই৬-এর প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের দায়িত্বে আছেন। ১৯৯৯ সালে সংস্থাটিতে যোগ দেন তিনি।
এমআই৬ মূলত আন্তর্জাতিক তথ্য সংগ্রহ করে দেশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকে। সন্ত্রাস, শত্রুর ষড়যন্ত্র এবং সাইবার হুমকি প্রতিরোধ এর মূল লক্ষ্য। সংস্থার প্রধানকে সাধারণত ‘সি’ নামে ডাকা হয় এবং তিনি একমাত্র প্রকাশ্যে পরিচিত মুখ।
দায়িত্ব পেয়ে ব্লেইজ জানিয়েছেন, তিনি গর্বিত এবং সম্মানিত বোধ করছেন। এমআই৫ ও জিসিএইচকিউ-এর সঙ্গে সম্মিলিতভাবে যুক্তরাজ্যের নিরাপত্তা রক্ষা ও আন্তর্জাতিক স্বার্থ সংরক্ষণে কাজ করার ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেন।
বর্তমানে তিনি ‘কিউ’ নামে পরিচিত বিভাগ পরিচালনা করছেন, যেখানে এমন প্রযুক্তি ব্যবহৃত হয় যাতে এজেন্টদের পরিচয় গোপন রাখা সম্ভব হয়—বিশেষ করে শত্রু দেশের নজরদারি এড়াতে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান অধ্যয়ন করা ব্লেইজ এমআই৫-এও পরিচালক হিসেবে কাজ করেছেন এবং সেসময় ‘কে’ ছদ্মনামে পরিচিত ছিলেন।
২০২৪ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে অবদান রাখার জন্য তিনি ‘সিএমজি’ খেতাবে ভূষিত হন।
এনএ/


