কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দৈনিক নয়া দিগন্ত–এর নিকলী সংবাদদাতা আলী জামসেদকে আটক করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে নিকলী হাসপাতাল মোড় এলাকায় একটি দোকানে বসে থাকা অবস্থায় আলী জামসেদকে আটক করেন নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এসিল্যান্ড প্রতীক দত্তের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে সম্প্রতি একাধিক সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত এক খবরে উল্লেখ করা হয়, এক মুক্তিযোদ্ধার নাতি রিকশাচালককে মারধর এবং ৩৬ জন বীর মুক্তিযোদ্ধাকে স্থানীয় খাস জমি থেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার অভিযোগ রয়েছে এসিল্যান্ডের বিরুদ্ধে। ওই সংবাদ প্রকাশের পর থেকেই প্রতীক দত্ত ক্ষুব্ধ ছিলেন বলে দাবি সাংবাদিকদের।
তাদের ভাষ্য অনুযায়ী, পূর্বের সংবাদ প্রকাশের জের ধরেই পরিকল্পিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আলী জামসেদকে আটক করা হয়।
তবে এ বিষয়ে এসিল্যান্ড প্রতীক দত্ত দাবি করেন, মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাকে আটক করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে স্থানীয়রা বলছেন, সাংবাদিককে আটক করাই ছিল অভিযানের মূল উদ্দেশ্য। আটকের সময় তাকে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে নিকলী থানা পুলিশের সহযোগিতায় তাকে আদালতে পাঠানো হয়।
স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান, এর আগেও প্রতীক দত্তের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদের বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে।
জেলায় কর্মরত সাংবাদিকদের মতে, আলী জামসেদ দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিককে এভাবে আটক ও হয়রানি করা সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। তারা অবিলম্বে আলী জামসেদের নিঃশর্ত মুক্তি এবং এসিল্যান্ড প্রতীক দত্তের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
পড়ুন : গাজীপুর ঝুট ব্যবসা দখল নিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে


