ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাজিব মিয়া (২৩) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইক্কা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজিব মিয়া ওই গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাজিবের মামাতো বোন পারভিন আক্তার (পিতা–মৃত মন মিয়া) বাড়ির পূর্ব-দক্ষিণ পাশে একটি জামগাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি গাছের প্রায় ২৫–৩০ ফুট ওপরে দড়ি দিয়ে ঝুলছিল, এবং তার দুই হাত সামনের দিকে বাঁধা ছিল।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাজিব তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি স্থানীয়ভাবে একটি বাহিনীর সোর্স (তথ্যদাতা) হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

