বিজ্ঞাপন

নিজেই হারভেস্টার চালিয়ে মদনে বোরো ধান কাটা উদ্বোধন লুৎফুজ্জামান বাবরের

নেত্রকোনার মদন উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দশ্রী হাওরে তিনি নিজেই কম্বাইন হারভেস্টার চালিয়ে উৎসবমুখর পরিবেশে ধান কাটা কার্যক্রমের সূচনা করেন।

এদিন তিনি দিনব্যাপী হাওর অঞ্চলের কৃষকদের খোঁজখবর নেন, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেন এবং প্রশাসন ও স্থানীয় কৃষকদের সাথে আলাদা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

দুপুরে ধান কাটা উদ্বোধনের পর লুৎফুজ্জামান বাবর বালালী গ্রামের সামনের তলার হাওরে যান। সেখানে তিনি সাম্প্রতিক শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত বোরো ধানের মাঠ ঘুরে দেখেন এবং দুর্দশাগ্রস্ত কৃষকদের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন।

কৃষকদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অতিবৃষ্টির কারণে হাওরে যে পানি জমে আছে, তা সরাতে কোথাও কোথাও বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কিছু জায়গায় নতুন বাঁধ নির্মাণ ও মেরামতের কাজও চলমান রয়েছে। কৃষকদের ফসলের ক্ষতি যেন ন্যূনতম হয়, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, “আল্লাহর রহমতে এ বছর হাওরে বোরো ধানের বেশ ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে দ্রুততম সময়ে নিরাপদে ধান কেটে ঘরে তুলতে পারে, সেজন্য সরকার সব ধরনের সহায়তার ব্যবস্থা করবে।”

কৃষকদের পাশাপাশি হাওরের মৎস্যসম্পদ রক্ষায় জেলেদের প্রতিও বিশেষ আহ্বান জানান সাবেক প্রতিমন্ত্রী। তিনি বলেন, “আগামী তিন থেকে চার মাস হাওরে পোনা মাছ ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে। বিশেষ করে বৈশাখ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পোনা মাছ ধরা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।”

পোনা মাছ রক্ষায় স্থানীয়ভাবে কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, হাওরে কারেন্ট জালের ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিজেই আগামীতে হাওরে পোনা মাছ অবমুক্ত করার উদ্যোগ নেবেন বলেও উপস্থিত সবাইকে জানান।

এছাড়া, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, ‍“আমার নির্বাচনী এলাকায় মাদকের কোনো স্থান হবে না। এ বিষয়ে প্রশাসনকে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে হবে।”

এরআগে, এদিন সকালে হাওরে যাওয়ার পূর্বে লুৎফুজ্জামান বাবর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক একান্ত সচিব মির্জা হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন, বিএনপি নেতা শামছুল আলম লালুসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ কৃষক।

বিজ্ঞাপন

পড়ুন : মোহনগঞ্জে কৃষকদের সাথে ধান কাটলেন লুৎফুজ্জামান বাবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন