ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, আমি আশা করবো প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন প্রত্যেকে যার যার জায়গা থেকে নিরপেক্ষ ভাবে একটি ভোটের পরিবেশ তৈরি করবে। যে পরিবেশে, যে কোন প্রার্থী, যে কোন দলের প্রার্থী এবং যে কোন স্বতন্ত্র প্রার্থী নিরাপদে নিশ্চিন্তে লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করবো কোন দলের প্রার্থী বা কর্মীরা অন্য কোন প্রার্থী বা কর্মীকে কোন রকম ভয়ভীতি দেখাবে না। আমি আশা করবো প্রশাসন, পুলিশ ও কমিশন নিরপেক্ষ থাকবে। আর যদি নিরপেক্ষতার কোন ঘাটতি আমরা দেখি, তাহলে ৫ আগস্টের কথা আপনারা স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যেমন ৫ আগস্ট হয়েছিল, সেটা যে কোন আসনেই কিন্তু হতে পারে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এক উঠান বৈঠকে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন।
এসময় রুমিন ফারহানা বলেন, আমরা ১৭ বছর কোন সুষ্ঠু নির্বাচন করতে পারি নাই। আমরা ১৭ বছর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি নাই। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি নির্বাচন আসছে। আমি আশা করবো আমার এলাকার ১৯টি ইউনিয়নের ৫ লাখ ভোটার প্রত্যেক ভোট কেন্দ্রে যাবেন, নিরাপদে নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
তিনি বলেন, প্রশাসনকে অনুরোধ করবো নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন। প্রশাসনকে অনুরোধ করবো কোন প্রার্থীকে ডান চোখে এবং কোন প্রার্থীকে বাম চোখে দেখবেন না। প্রশাসনকে বিনীত ভাবে অনুরোধ করবো, আইন যেমন সবার জন্যে সমান তার প্রয়োগও যেন সবার জন্যে সমান হয়৷
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে মানববন্ধন


