মধ্যপ্রাচ্যের চলমান উদ্ভূত পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনের কথা হয়েছে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে আমাকে কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রী ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেলিফোন করেছেন। তাদের সঙ্গে আমার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।
ড. খলিলুর রহমান জানান, আমরা আশা করি, আর কেউ নিহত আহত হবেন না। যারা আটকে পড়েছেন, বিমান চলাচল শুরু হলে দ্রুততম সময়ের মধ্যে তাদের ফিরিয়ে আনা হবে। যুদ্ধ কোনো সমাধান, এটা বাংলাদেশ মনে করে না
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আরব উপসাগরীয় বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ আছেন। তিনি নাগরিক স্থাপনায় আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া, বাহরাইনে নিহত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের মোহাম্মদ তারেক (৪৮)। তিনি একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে তিনি মারা যান।
পড়ুন : ইরানের হামলায় কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত


