সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ইশতেহার তুলে ধরেন।
ঘোষিত ইশতেহারে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণ, হাওর ও কৃষির টেকসই উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নসহ মৌলিক বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বলেন, “এই ইশতেহার কোনো প্রতিশ্রুতি নয়, এটি একটি দায়বদ্ধ অঙ্গীকার। সাধারণ মানুষ নিরাপদ হলে সুনামগঞ্জ বাঁচবে, বাংলাদেশ এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সুনামগঞ্জ-৪ আসনকে মানুষের জন্য নিরাপদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত করতে তিনি দৃঢ়ভাবে কাজ করবেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম বলেন, “আমি ক্ষমতার এমপি হতে চাই না, আমি জনতার এমপি হতে চাই। যেকোনো সমস্যায় আমাকে আপনাদের পাশে পাবেন।”
এ সময় তিনি নিরাপদ সুনামগঞ্জ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
ইশতেহার ঘোষণার সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন:মৌলভীবাজারে আন্ত:সংস্থাগত সমন্বয়ের কর্মকর্তাদের সাথে মেজর জেনারেলের মতবিনিময়
দেখুন:‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেই ৫ বছরের কারাদণ্ড
ইম/


