নির্বাচনি প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট।
জানা গেছে, আজ রাত চট্টগ্রাম অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সফর শেষে মধ্যরাতে তিনি ফিরবেন ঢাকার গুলশানের বাসভবনে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে পলোগ্রাউন্ড মাঠে গিয়ে দেখা যায়, জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বিশাল মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের কাজ চলছে দ্রুতগতিতে।
মাঠের ভেতরে চেয়ার স্থাপন, ব্যারিকেড তৈরি এবং নেতা-কর্মীদের প্রবেশ ও বের হওয়ার পথ সুনির্দিষ্ট করার কাজ তদারকি করছেন দায়িত্বশীলরা। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে সমাবেশস্থলে নেওয়া হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ব্যবস্থা ও স্থাপন করা হয়েছে অস্থায়ী শৌচাগার।
দলীয় সূত্র জানিয়েছে, রোববার (২৫ জানুয়ারি) এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর তার চট্টগ্রাম আগমনকে ঘিরে নগরী ও পাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
বিএনপি নেতারা আশা করছেন, পলোগ্রাউন্ডের এই মহাসমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে কর্মসূচিটি সফল হবে।


