আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে রাজনৈতিক মাঠ চাঙা করতে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা।
বুধবার সকালে ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের কাছিমা মিয়া বাড়িতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জামালপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায্য আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে সফল পরিণতির দিকে নিতে হলে দলীয় নেতাকর্মীদের ত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ও শিক্ষানুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ, চিনাডুলি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লুডু এবং উপজেলা মহিলা দলের সহসভাপতি নাশিফা বিন্তি।
সভায় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলীয় কর্মকাণ্ড জোরদার ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
পড়ুন- “বিএনপি সকল সম্প্রদায়ের সম্প্রীতিতে বিশ্বাসী” ডা. এ জেড এম জাহিদ


