চাঁদপুর-৩ সদর-হাইমচর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মো: শাহজাহান মিয়া বলেছেন, অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পদক্ষেপ নিন। অন্যথায় জনগণ উল্টোপথে হাঁটা শুরু করতে বাধ্য হবে। যা কারো জন্য মঙ্গলজনক হবেনা।
১৪ নভেম্ববর শুক্রবার বিকেলে শহরের বাইতুল আমিন জামে মসজিদ চত্ত্বরে গণভোটসহ ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর ও সদর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এডভোকেট মো: শাহজাহান মিয়া বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে একই দিনে ভোট ও গণভোটের ঘোষণা দিয়েছেন। তার এই ধরণের ঘোষণায় জাতি হতাশ ও বিস্মিত হয়েছে। প্রধান উপদেষ্টা একটি দলের আনুকুল্য পেতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মতো জনগুরুত্বপূর্ণ দাবীকে উপেক্ষা করেছেন। ছাত্র-জনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এই জাতিকে বোকা মনে করা ঠিক হবেনা।
তিনি আরো বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণ জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার জন্য দাবী জানিয়ে আসছে। এই অন্তরবর্তী সরকার যাতে এটার প্রতি সম্মান প্রদর্শন করেন। অথচ জুলাই আন্দোলনে শহীদ ও আহত ভাইদের রক্তের দাগ শুকানোর আগেই অন্তরবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার দেয়া গতকালের ভাষণ এ জাতিকে হতাশ করেছে। এ সিদ্ধান্ত তিনি কাদের পরামর্শে নিয়েছেন আমরা সেটা জানতে চাই।
তিনি বলেন, নির্বাচনের দিন রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য ব্যস্ত থাকবে। সেদিন গণভোট হবেনা কিংবা গণভোট হলেও সেটা ত্রুটিপূর্ণ হবে। এতে গণভোটের আসল উদ্দেশ্য বাস্তবায়ন হবেনা। জনগণ রাজপথে নামার আগে আপনারা জনগণের চিন্তা ও চাহিদার প্রতি সম্মান প্রদর্শন করা উচিৎ। বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।
চাঁদপুর শহর জামায়াতের আমীর এড. মো: শাহজাহান খানের সভাপতিত্বে ও সদর আমীর মাও: আফসার উদ্দিন মিয়াজী পরিচালনায় শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, জেলা শিবিরের সভাপতি ইব্রাহিম খলিল, শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
এদিন শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল এসে অনুষ্ঠানস্থলে সমাবেত হয়। পরে সমাবেশ শেষে সবাই একত্রিতভাবে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার গিয়ে শেষ হয়।
পড়ুন : এলিট শ্রেণীর চাঁদপুর ক্লাবে যে কেউ যাতে ঢুকতে না পারে:মোহসীন উদ্দিন


