জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় তিন বছর পর ট্রাইব্যুনালের রায়ে চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা মাহবুর আলম মিলন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক সোনালী রানী উপাধ্যায় এই রায় ঘোষণা করেন। রায়ে সর্বোচ্চ ৪হাজার ৩৩৭ ভোট পেয়ে ১১৯ ভোটের ব্যবধানে তাঁকে বিজয়ী ঘোষণা করেন আদালত।
মাহবুর আলম মিলন মোহাম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের নারায়নপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমানকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে ভোট গণনায় অনিয়ম ও বেআইনি কার্যকলাপের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া মাহবুর আলম মিলন আদালতে মামলা করেন।
রায়ে উল্লেখ করা হয়, আতাউর রহমানের বিজয় অবৈধভাবে অর্জিত হয়েছে। তাই তার চেয়ারম্যান পদ বাতিল এবং ২০২২ সালের ৮ জানুয়ারির গেজেট বাতিল করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে নির্বাচন কমিশনকে মাহবুর আলম মিলনের নামে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর মিলনের সমর্থকদের মধ্যে আনন্দ ও উল্লাস লক্ষ্য করা গেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুর আলম মিলন বলেন, এই রায় প্রমাণ করেছে জনগণের রায়ই শেষ কথা।
পড়ুন: তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে জয়পুরহাটে পর্যবেক্ষণ সভা
দেখুন: দেশে ফিরে বিয়ে করা হলোনা এনামুলের
এস


