নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য নেই।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। সেখানে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া কিছু প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে তিনি লেখেন, নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবি যারা ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্য অসৎ। এর আগেও এই গোষ্ঠী নির্বাচন নিয়ে জনমনে সংশয় ও অনিশ্চয়তা তৈরির চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এখন যখন স্পষ্ট যে নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হচ্ছে, তখন একটি মহল নতুন করে ষড়যন্ত্রতত্ত্ব ছড়াচ্ছে। এসব অপপ্রচার মূলত নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির কৌশল।
তিনি আরও বলেন, দুঃখজনকভাবে এই ধরনের প্রচারণায় অনেক শিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন, যদিও এসব দাবির কোনো বাস্তব ভিত্তি নেই।
উপ-প্রেস সচিব স্পষ্ট করে জানান, অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব হলো একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। নির্বাচন শেষ হলে যত দ্রুত সম্ভব সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
পড়ুন: বিবিসির প্রতিবেদন: জেন জির হাতে স্বৈরাচার পতন, নির্বাচনের দৌড়ে এগিয়ে পুরোনো শক্তিরাই
আর/


