তর্ক-বিতর্ক করতে গিয়ে এমন কিছু যেন না হয়, যাতে স্বৈরাচার কিংবা দেশের ভালো যারা চায় না, তারা সুযোগ পেয়ে যায়। বলেছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার নিয়ে অযাচিত আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিএনপির খুলনা মহানগর দ্বিবার্ষিক সম্মেলন। সকাল থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত হয় খুলনা নগরীর সার্কিট হাউজ ময়দান। নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন থানা থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কার্যক্রম। উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন।
সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সম্পদ লুট করে, দেশকে ধ্বংস করে তারপর পালিয়েছে। যেকোনো মূল্যে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
প্রথম অধিবেশন শেষে শুরু হয় কাউন্সিল। এর আগে বিএনপির খুলনা মহানগর শাখার সম্মেলন হয়েছিল ২০০৯ সালে।
এদিকে, দীর্ঘ ১৯ বছর পর আজ গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিএনপির সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে শহরের পৌর মুক্তমঞ্চে ঢল নামে নেতাকর্মীদের। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
পড়ুন:সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই: আমীর খসরু
দেখুন : সংবিধান সংস্কার কমিশনে বিএনপি নেতাকর্মীরা |
ইম/


