স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে, নির্বাচনে প্রার্থীরা ব্যক্তিগত নিরাপত্তার জন্য বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে বিদ্যমান নীতিমালা অনুযায়ী তা দেওয়া হবে, তবে এর জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
আজ(১৩ ডিসেম্বর,২০২৫) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যেকোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে।’
হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করতে পারব। এ হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা যদি অস্ত্র চান, তবে তাদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। আর যে সমস্ত প্রার্থীর অস্ত্র সরকারের কাছে জমা রয়েছে, সেগুলো তাদের ফেরত দেওয়া হবে।’।
পড়ুন- হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি
দেখুন- উপদেষ্টাদের পদত্যাগে বেরিয়ে আসতে পারে থলের বিড়াল? |


