19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনে কোনো পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট হলেই কঠোর ব্যবস্থা : ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। পুলিশের কাজে কোনো দল বা ব্যক্তির প্রতি যেন কোনো দুর্বলতা প্রকাশ না পায়, সে দিকে লক্ষ্য রাখতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন গোপন তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, নগরবাসীর মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে টহল কার্যক্রম জোরদার করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বিপিএম (অতিরিক্ত আইজি) বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি আরও বলেন, সেবা প্রত্যাশীদের কথা বিবেচনা করে থানা ভবনগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে।

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুততম সময়ে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া সংশোধিত ফৌজদারি কার্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় ওই অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ফিন্যান্স, লজিস্টিকস ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমান, আইন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক, সকল যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন