বিজ্ঞাপন

নির্বাচনে প্রার্থী বা এজেন্টের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে পারবে না পুলিশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা তাদের এজেন্টদের কাছ থেকে যেকোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ থেকে বিরত থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। এমনকি দায়িত্ব পালনরত অবস্থায় প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবারও পুলিশ সদস্যরা গ্রহণ করতে পারবেন না।

বিজ্ঞাপন

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না। একই সঙ্গে দায়িত্ব পালনকালে কোনো প্রার্থী বা তার প্রতিনিধির কাছ থেকে খাবারও গ্রহণ করতে পারবেন না পুলিশ সদস্যরা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশের মানুষ এমন একটি পুলিশ বাহিনী প্রত্যাশা করে, যারা ভয় সৃষ্টি করে না; বরং সেবা দেয় এবং সম্মান ও ভদ্রতার সঙ্গে আচরণ করে।

তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনীতির ক্ষতি করে না, এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানকেও ধ্বংস করে এবং রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে।

পুলিশ সুপারদের উদ্দেশে তিনি আরও বলেন, বেআইনি আদেশ ও স্বার্থান্বেষী এজেন্ডার পক্ষে কাজ করা যাবে না। সততা, নৈতিকতা ও বিবেক হবে আপনাদের সবচেয়ে বড় পরিচয়। সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়; সাহস মানে অন্যায়ের বিরুদ্ধে না বলা, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং মজলুমের পক্ষে কাজ করা। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারলে আইন প্রয়োগ সহজ হবে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের ৮৭ জন, ২৮তম বিসিএসের ১ জন, ৩৫তম বিসিএসের ৩ জন, ৩৬তম বিসিএসের ১ জন, ৩৭তম বিসিএসের ২ জন এবং ৪০তম বিসিএসের ২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

পড়ুন: জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আলাদা মন্ত্রণালয় গঠন করা হবে: তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন