ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও আয়োজনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জিত কুমার চন্দ্র, পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এবং জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়া।
এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জ খবর-এর সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে, প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিলুর রহমান, এনটিভির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন, ৭১ টিভির প্রতিনিধি শহিদনুর আহমেদ, দেশ টিভির প্রতিনিধি শাবাজ মান্না, বিজয় টিভির প্রতিনিধি আলাউর রহমান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু, দৈনিক সকালের সময়-এর প্রতিনিধি কেএম শহীদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক। সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলেও জানানো হয়। এ সময় জানানো হয়, এবারের নির্বাচনে সাংবাদিকদের জন্য কিছু নতুন নিয়ম-কানুন থাকছে। পেশাগত সাংবাদিকদের অনলাইনের মাধ্যমে যাচাই-বাছাই করে নির্বাচন সংক্রান্ত পাস কার্ড প্রদান করা হবে। সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সকল সাংবাদিকের নিরপেক্ষ ও দায়িত্বশীল সহযোগিতা কামনা করেন।
পড়ুন : সুনামগঞ্জে ভোটারদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের মতবিনিময়


