খুলনা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, নির্বাচিত হলে এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন। জাতীয় সংসদে এলাকার মানুষের অধিকার ও ন্যায্য দাবিগুলো জোরালোভাবে তুলে ধরাই তার মূল লক্ষ্য।
সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “জনগণই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।” তিনি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সমর্থন ও দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত। ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি যুব সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাগালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা আব্দুল হামিদ, শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুল্লাহ, সভাপতি মাওলানা আব্দুর রহিম, ৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল হাশেম ও সেক্রেটারি আবু মুসা, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন ও সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, দাড়িপাল্লা প্রতীক সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। তারা আসন্ন নির্বাচনে মাওলানা আবুল কালাম আজাদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠক শেষে জামায়াত মনোনীত এই প্রার্থী এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
পড়ুন : খুলনার সিআইডি অফিসে আগুন


