সুপার এইটে যাওয়ার রাস্তাটা আরও কঠিন হয়ে গেলো অস্ট্রেলিয়ার জন্য। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ের দিকেও। টানা তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই জয় আছে জিম্বাবুয়ের। বিপদে শুধু অস্ট্রেলিয়া, তিন ম্যাচ খেলে জয় মাত্র একটিতে। সবশেষ আজ শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বেশ চাপে পড়েছে অজিরা। সুপার এইটে যেতে হলে মেলাতে হবে কঠিন সমীকরণ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড স্কোরবোর্ডে যোগ করেন ১০৪ রান। এরপর দুশান হেমান্থা-চামিরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের লাগাম টেনে ধরে শ্রীলঙ্কা। ৮ ওভারে ১০০ রান করা অজিদের থামিয়ে দেন ১৮১ রানে।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের কোনো পাত্তাই দিলেন না লঙ্কান ব্যাটাররা। শুরুটা যদিও ভালো হয়নি, দলীয় ৮ রানেই কুশাল পেরেরার উইকেট হারায় তারা। তবে ব্যাট হাতে ঝড় তোলেন কুশাল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা। দুজনে মিলে জুটি গড়েন ৯৭ রানের। দলীয় ১০৫ রানের মাথায় মার্কাস স্টয়েনিসের বলে কুপার কোনোলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩৮ বলে ৫১ রান করা মেন্ডিস।
এরপর পাভান রাথানায়াকেকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন পাথুম নিসাঙ্কা। ৫২ বলে অপরাজিত থাকেন ১০০ রানে। দুর্দান্ত সেঞ্চুরিতে একাই উড়িয়ে দিলেন অজিদের। তার সঙ্গে রাভান রাথানায়াকে অপরাজিত ছিলেন ১৫ বলে ২৮ রানে।
এর আগে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন দুই অজি ওপেনার। ট্রাভিস হেড ও মিচেল মার্শের ব্যাটিং দৃঢ়তায় পাওয়ার প্লেতে বিনা উইকেটে স্কোরবোর্ডে জমা করেন ৭০ রান।
দুনিথ ভেল্লালাগের করা ইনিংসের নবম ওভারের তৃতয় বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন ট্রাভিস হেড। তাতেই থামে ১০৪ রানের জুটি। মাত্র ২৭ বলে ফিফটি পূরণের পর ৫৬ রানে থামেন এই বাঁহাতি ব্যাটার। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিচেল মার্শও। তার ইনিংস থামে ৫৪ রানে।
এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর খানিকটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। দ্রুতই সাজঘরে ফেরেন ক্যামেরুন গ্রিন ও টিম ডেভিড। দুজনের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। গ্রিন করেন ৭ বলে ৩ ও টিম ডেভিডের ব্যাট থেকে আসে ৫ বলে ৬ রান।
এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে ৩০ রানের জুটি গড়ে চাপ সামাল দেন জশ ইংলিশ। কিন্তু বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ম্যাক্সওয়েল। মাত্র ১৫ বলে ২২ রান করে আউট হন তিনি। আর ইংলিশের ইনিংস থামে ২২ বলে ২৭ রানে। এছাড়া স্টয়েনিস ৪, কোনোলি ৩ ও অ্যাডাম জাম্পা ১ রান করেন। বার্টলেট ফিরেছেন কোনো রান না করেই। শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে ১৮১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ৩৭ রান খরচায় ৩ উইকেট নেন দুশান হেমন্ত। ২টি উইকেট পেয়েছেন দুশমন্থ চামিরা। আর ১টি করে উইকেট শিকার করেছেন মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে ও কামিন্দু মেন্ডিস।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

