জাতীয় পার্টির হামলায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা জেলা শহরের বড়বাজার মুক্তমঞ্চ সংলগ্ন স্থানে জেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রথমে বড়বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
এসময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়— “যে পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা”, “নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই”, “দাবি এখন একটাই, জাপা নিষিদ্ধ চাই”
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ইবনূর-রশিদ মাশুক, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ মাসুম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. রিয়াদ আলী, সাধারণ সম্পাদক নাহিদ হাসান সৌরভ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মুস্তাক, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. রয়েল জোয়ার্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলন দমনে পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে ব্যবহার করা হচ্ছে। এরই অংশ হিসেবে নূরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে।” তারা অবিলম্বে হামলার দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতারা প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচি হিসেবে আজকের বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে চুয়াডাঙ্গাসহ সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পড়ুন : মোবাইল বিরোধে চুয়াডাঙ্গায় দুই যুবককে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল


