পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
সোমবার (৯ মার্চ) দুপুরে নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তন-এ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা, অমিত দত্ত। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুস সাকীব সৌরভ, নেছারাবাদ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
মতবিনিময় সভায় উপস্থিত দপ্তর প্রধানরা তাদের নিজ নিজ দপ্তরের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, “সামগ্রিকভাবে বিগত দিনে আমাদের এই এলাকাগুলো অনেকটা অবহেলিত ছিল। আমরা ইতোমধ্যে কিছু উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছি। ধীরে ধীরে উন্নয়নের মাধ্যমে উপজেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের নিজ দায়িত্বকে নিজের কাজ মনে করে আন্তরিকতার সাথে পালন করতে হবে। প্রতিটি কাজ যথাযথভাবে তদারকি করতে হবে। এর মাধ্যমেই জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।
মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত চেক ও ঢেউটিন বিতরণ করেন।
পড়ুন- মঙ্গলবার থেকে সব মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ
দেখুন- ইরানের প্রথম বড় জয়!


