নেত্রকোনা-মদন সড়কে আটপাড়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় সাফায়েত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলের দিকে উপজেলার মাটিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফায়েত একই গ্রামের রাকিবের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মাটিকাটা গ্রামের পাকা সড়ক পার হচ্ছিল শিশু সাফায়েত। এ সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়।
জানা গেছে, দুর্ঘটনায় জড়িত সিএনজি চালকের নাম সজীব (৩০)। তিনি মদন উপজেলার শিবপাশা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এদিকে, দুর্ঘটনার পর শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ওই সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। বিক্ষোভকারীরা দাবি করেন, সড়কে এমন দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সতর্কতা আরও জোরদার করা জরুরি।
এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম জানান, এখনো লিখিত তথ্য পাননি। তিনি নিশ্চিত করেন, বিকেল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার দিকে রাস্তা পার হওয়ার সময় সিএনজি’র সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : নেত্রকোনায় নাতিকে নিয়ে ফেরার পথে ট্রলি কেড়ে নিল নানার প্রাণ


