নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকরগড়া ইউনিয়নের দেওটুকুন (গুদারঘাটের পশ্চিম দিকে) গ্রামে একটি বাড়িতে পানির পাম্প বা মোটর বসানোর পর সেখান থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সকাল ১০টা থেকে ১১টার দিকে স্থানীয় আব্দুল গফুরের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা সেই গ্যাসে আগুন ধরিয়ে চা বানিয়ে পান করেছেন।
আব্দুল গফুরের ছেলে অলিউল্লাহ জানান, গতকাল দিবাগত রাত ২টার দিকে তাদের বাড়িতে ২৮০ ফুট গভীরে একটি পাম্প বসানোর জন্য বোরিংয়ের কাজ শেষ হয়। এরপর মোটর বসানোর পর গর্ত থেকে পানির সাথে বুদবুদ আকারে গ্যাস বের হতে শুরু করে।
বাড়ির মালিক আব্দুল গফুর গ্যাস বের হওয়ার বিষয়টি স্থানীয়দের দেখাচ্ছেন। তিনি জানান, প্রথমে এই গ্যাসের কোনো শব্দ বা গন্ধ পাওয়া যায়নি, তবে গর্তে পানি ও বালি-মাটি দেওয়ার পর বুদবুদ উঠতে দেখা যায় এবং তারা নিশ্চিত হন এটি গ্যাস।
মূল টিউবওয়েলের পাইপের পাশের মাটির গর্ত থেকে বের হওয়া গ্যাসে এক যুবক ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেন এবং সাথে সাথেই সেখানে আগুন জ্বলে ওঠে। বাতাসের হাত থেকে আগুন বাঁচাতে পাশে একটি চাটাইয়ের বেড়া দেওয়া হয়। এরপর জ্বলন্ত আগুনের ওপর একটি লোহার তেপায়া বা স্ট্যান্ড বসিয়ে তার ওপর পাতিল দিয়ে চা বানানো হয়। গ্যাসে সৃষ্ট আগুনে পাতিলে থাকা তরল তীব্রভাবে ফুটতে দেখা যায়।
অলিউল্লাহ জানান, এ গ্যাসে তারা ইতিমধ্যে একবার চা রান্না করে খেয়েছেন। পাম্পের মোটর চালু করলে সেখান থেকে পানিও বের হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
তবে বর্তমানে নিরাপত্তার কথা বিবেচনা করে এবং বড় কোনো দুর্ঘটনার আতঙ্কে পরিবারটি পাইপের মুখ বন্ধ করে রেখেছে।
পড়ুন:পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
দেখুন:নওগাঁ নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির
ইমি/


