নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্বল্প দশাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সিএনজি চালিত অটোরিকশার চালক মোফাজ্জল হোসেন (৪০)। অসহায় এই পরিবারের পাশে সহায়তা নিয়ে নিহতের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান।
গতকাল বুধবার (২১ মে) বিকালে বারহাট্টা সদর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় নিহত মোফাজ্জল হোসেনের বাড়িতে যান ইউএনও মো. খবিরুল আহসান।
এ সময় ইউএনও’র সাথে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানসহ এলাকাবাসি ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের পরিবার। তিনি অসহায় ভুক্তভোগী পরিবারের পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন ইউ্এনও।
নিহত সিএনজি চালকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতের সন্তানকে কোলে নিয়ে মো. খবিরুল আহসান বলেন, আমি নিহত সিএনজি চালক মোফাজ্জল হোসেনের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাড়ি এসেছি। জেলা প্রশাসকের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করার জন্য। আরো যতটুকু সম্ভব আমি প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
এ সময় বাবাকে হারানো সন্তানদের আহাজারি, বিশেষ করে নিহতের শিশু সন্তানের করুণ মুখ ইউএনও’র হৃদয়কে ভারাক্রান্ত করেছে। সড়কে যাতে আর কারো প্রাণহানি না হয় সেজন্য চালকদের সতর্ক হওয়ার আহবান জানান ই্উএনও।
গত ১৯ মে দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের স্বল্প দশাল এলাকায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সিএনজি চালক মোফাজ্জল হোসেন। তাকেসহ সাতজনকে উদ্ধার করে বারহাট্টা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত গুরুতর আহত মোফাজ্জলকে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় বাকি গুরুতর আহত বাকি ছয়জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এনএ/


