নোয়াখালীতে প্রথমবারের মতো পেট না কেটে সফলভাবে হার্নিয়া অপারেশন করা হয়েছে। বুধবার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ সার্জানগণ ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে এ অপারেশন করেন।
অপাররেশন প্রক্রিয়া সরাসরি এবং মনিটরের মাধ্যমে হাসপাতালের নবীণ, প্রবীণ চিকিৎকদের দেখানো হয়। এ বিষয়ে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের উদ্যোগে লাইভ ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোসাইটি অব এন্ডো-ল্যাপারোস্কোপিক সার্জনস অব বাংলাদেশ (এসইএলএসবি) এর আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ জাহিদুল হক। তিনি বলেন, জেলা পর্যায়ে পেট না কেটে ল্যাপারোস্কোপিক হার্নিয়া নতুন দিগন্তের সূচনা করেছে। ওয়ার্কশপের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নোয়াখালীর সার্জানগণ আগামীতে এ ধরণের অপারেশন করতে পারবেন। এতে করে হার্নিয়া রোগী অপারেশনে কম কষ্ট পাবে এবং অপারেশন পরবর্তী জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনাও কমবে।
সকাল ৯টায় ওয়ার্কশপ উদ্বোধন করেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী। ওয়ার্কশপে চিফ সার্জন হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব এন্ডো-ল্যাপারোস্কোপিক সার্জনস অব বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া ও নোয়াখালী মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় ওয়ার্কশপের লোকাল অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ও ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন, সদস্য সচিব ও হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডাঃ মোঃ কামরুজ্জামানসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ সার্জন এবং নোয়াখালী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসকগণ ও ইন্টার্ণ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
এ ধরণের ওয়ার্কশপ চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এখন থেকে হার্নিয়া রোগীদের ল্যাপারোস্কোপিক অপারেশেনের জন্য বাড়তি টাকা খরচ করে ঢাকায় যেতে হবে না বলে জানান অংশগ্রহণকারী চিকিৎসকরা।
নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, হাসপাতালের সীমিত সামর্থের মধ্যেও প্রথমবারের মতো সফলভাবে পেট না কেটে ল্যাপারোস্কোপিক হার্নিয়া অপারেশন সম্পন্ন হয়েছে। আগামীতে এ ধরণের উদ্যোগ চলমান থাকবে।
পড়ুন : ‘নোয়াখালী বিভাগ’ নিয়ে ষড়যন্ত্র হলে আসিফ মাহমুদ ও হাসনাতকে অবাঞ্চিত করার ঘোষণা


