নোয়াখালীর কবিরহাটে একদল তরুণের উদ্যোগে গড়ে ওঠা সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক তারুণ্য’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী যুব সম্মেলন।
সোমবার (২৩ মার্চ) বিকালে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের সাংগঠনিক উপদেষ্টা অহিদুজাম্মান বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু। সংগঠনের প্রধান পরিচালক আশরাফ তানিম সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবিরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ সফিকুল ইসলাম সাজু, পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, কবিরহাট পৌর জামায়াতের আমির ফয়েজ উল্ল্যাহসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।
সংগঠনের প্রধান পরিচালক আশরাফ তানিম তার বক্তব্যে বলেন, ‘মানবিক তারুণ্য’ এখন রক্তদান থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে সহায়তা- সবক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখছে। তিনি উল্লেখ করেন, মফস্বলের অনেক তরুণ সঠিক দিকনির্দেশনা ও সুযোগের অভাবে নিজেদের সম্ভাবনা বিকাশে পিছিয়ে পড়ে। এই সম্মেলন তাদের জন্য একটি অনুপ্রেরণার প্ল্যাটফর্ম, যেখানে তারা নেতৃত্ব, নৈতিকতা ও ক্যারিয়ার বিষয়ে ইতিবাচক দিকনির্দেশনা পাবে।
তিনি আরও বলেন, তরুণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য। সহিংসতা, মাদক ও অপরাধ থেকে দূরে থেকে মানবিক মূল্যবোধকে জীবনের ভিত্তি হিসেবে গ্রহণের আহ্বান জানান তিনি।
সম্মেলনের বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধশত বছর পরও সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এ বিভাজন দূর করে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝে মানবিক ও সাম্যের পথে তরুণদের এগিয়ে নিতে হবে। তবেই একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, ২০১৭ সালে মাত্র ১০ জন বন্ধুর আড্ডা থেকে ‘মানবিক তারুণ্য’-এর যাত্রা শুরু হয়। নিজেদের সঞ্চয় থেকে মানুষের পাশে দাঁড়ানোর ছোট্ট উদ্যোগ আজ বড় পরিসরে রূপ নিয়েছে। বর্তমানে সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৭০০ স্বেচ্ছাসেবী তরুণ। সফলতার সঙ্গে সংগঠনটি ইতোমধ্যে নবম বছরে পদার্পণ করেছে।
পড়ুন : নোয়াখালীতে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


