নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইমান আলী বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রবের ছোট ভাই মো. জামালের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন।
আওয়ামী লীগ নেতাকর্মীদের ঈদসামগ্রী বিতরণের ভিডিও, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ধরনের কোনো বিষয় এখনও পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন- ভোটের কালি নখ থেকে মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী


