নোয়াখালীতে কর্মরত বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ‘নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (NTJA)’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নোয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সাত সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটিতে বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খানকে আহ্বায়ক, এস.এ টিভির নোয়াখালী প্রতিনিধি আব্দুর রহিমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেলকে যুগ্ম আহ্বায়ক এবং এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাসিম শুভকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নিউজ টুয়েন্টিফোরের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, মাই টিভির নোয়াখালী প্রতিনিধি ইউনুস শিকদার বাহার, গ্লোবাল টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু রায়হান সরকার।
উক্ত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আকবর হোসেন সোহাগকে আহ্বায়ক করে ৩ সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি এবং নাসিম শুভকে আহ্বায়ক করে ৩ সদস্যের সদস্য ফরম প্রস্তুত উপ-কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্টরা আগামী ১৫ কার্য দিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন সম্পন্ন করে নির্বাহী কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবেন।
সংগঠনটির লক্ষ্য হলো- টেলিভিশন সাংবাদিকদের এক ছাতার নিচে আনা, পেশাগত মানোন্নয়ন, গবেষণা ও সুদৃঢ় ঐক্য তৈরি করা। এছাড়া কর্মদক্ষতা, কর্মপরিবেশ ও ঝুঁকি মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ দিকগুলোকে গুরুত্ব দিয়ে নতুন ধারার প্লাটফর্ম হিসেবে কাজ করবে NTJA।


