দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম দমনে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৬ অক্টোবর ২০২৫) খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফরমাশেখানা এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে সন্ত্রাসী রিপনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৭.৬ মি.মি. পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আটক রিপনের বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। অভিযান শেষে জব্দকৃত অস্ত্র ও উদ্ধারকৃত সামগ্রীসহ রিপনকে আইনানুগ ব্যবস্থার জন্য দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জনজীবনের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

