বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণ নিশ্চিত করতে নৌবাহিনী প্রতি বছরের মতো এবারও ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধে সক্রিয় রয়েছে।
গতকাল শুক্রবার (৯ মে) বঙ্গোপসাগরের কক্সবাজার এলাকায় টহলের সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ ১১টি মাছ ধরার নৌকা আটক করেছে। এ সময় নৌকাসমূহে তল্লাশি চালিয়ে ৪ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ ইলিশ জাল, ১২শ মিটার অন্যান্য জাল ও ২ হাজার কেজি মাছ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি ৭১ লক্ষ টাকা। পাশাপাশি মাছ ধরার নৌকায় থাকা ১২০ জন জেলেকেও আটক করা হয়েছে।

পরবর্তীতে জব্দকৃত নৌকা, মাছ ও জালসহ জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালীতে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনীর অভিযানের ধারাবাহিকতায় ইতোমধ্যে প্রায় ১৭২ কোটি ৪৮ লক্ষ ৪২ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দেশের সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করছে।
এনএ/


