চট্টগ্রামের পটিয়ায় ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুতির প্রতিবাদে ও পুনর্বহালের দাবীতে চট্টগ্রাম– কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে চাকরিচ্যুতরা।এসময় তারা পটিয়ায় অবস্থিত প্রায় ২০টি ব্যাংকের শাখা – উপশাখার সামনে ব্যানার নিয়ে অবরোধ করে রাখে। এতে সকল শাখায় ব্যাংকিং লেনদেন বন্ধ হয়ে পড়ে।
রোববার (১০ আগস্ট) সকাল থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হয়। এরপর তারা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ক’য়েক দফা বিক্ষোভ মিছিল করে পটিয়া সদরস্থ বিভিন্ন ব্যাংকের শাখায় ব্যানার টানিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে কোন গ্রাহক ব্যাংকে প্রবেশ করতে না পারায় লেনদেন বন্ধ হয়ে যায়।
পরে চাকরিচ্যুতরা পটিয়া থানার সামনে অবস্থান নেন।
এসময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান এবং পটিয়া থানার ওসি নুরুজ্জামান এসে উপস্থিত হন।পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান এসময় জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনা করে আন্দোলন স্থগিত করে আলোচনায় সমাধানের অনুরোধ জানান।
আন্দোলনরত চাকরিচ্যুতদের অভিযোগ,সম্পূর্ণ অন্যায়ভাবে শুধুমাত্র পটিয়া বা দক্ষিণ চট্টগ্রামের অধিবাসী হওয়ায় অনেককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দ্রুত পুনর্বহাল ও ক্ষতিপূরণের ব্যবস্থা না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
আন্দোলনের নেতৃত্বে থাকা মফিজুল ইসলাম চৌধুরী নামে একজন চাকুরিচ্যুত বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। পটিয়ায় সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। আজ বিকেল পর্যন্ত এ কর্মসূচি চলবে।
পূবালী ব্যাংক পটিয়া শাখার ব্যবস্থাপক বিপ্লব চক্রবর্তী জানান, সকালে ব্যাংকে প্রবেশের সুযোগ পাইনি আমরাসহ কেউই। এখনও শাখার বাইরে অবস্থান করছি। ফলে কোনো ধরনের লেনদেন সম্ভব হচ্ছে না। গ্রাহকরা লেনদেনের জন্য এসে ফিরে যাচ্ছেন।
পড়ুন: চট্টগ্রামের কাঁচাবাজারে বৃষ্টির প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি
এস/


