চট্টগ্রামের পটিয়ায় অবৈধভাবে পরিচালিত একটি গ্যাস ফিলিং কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে ৫১২টি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন গ্যাস সিলিন্ডার,গ্যাস ভর্তির হাওয়া মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। তবে আগে থেকেই টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ বিকেলে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ শীলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর পটিয়া ইউনিটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পটিয়া থানা পুলিশের একটি দলও অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দনাইশ উপজেলার আবদুর রহিম নামের এক ব্যক্তি সীমান্তবর্তী এ এলাকায় দীর্ঘদিন ধরে কারখানাটি চালাচ্ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে গোপনে গড়ে তোলা এ কারখানায় গ্যাস সিলিন্ডার রিফিল করা হত। অভিযানের খবর পেয়ে তিনি ও তার সহযোগীরা সটকে পড়েন।
স্থানীয়রা জানিয়েছেন, আবাসিক এলাকায় এমন একটি ঝুঁকিপূর্ণ গ্যাস ফিলিং কারখানা ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছিল। অথচ এতদিন প্রশাসনের নজর ছিল না।
পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। বিপুল সংখ্যক সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

