চট্টগ্রামের পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা ওসির পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, এনসিপি, ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় চট্টগ্রামের পটিয়া থানার ওসি জায়েদ নূরের অপসারণের দাবিতে পটিয়া ব্লকেড ঘোষণা করেছে ′সর্বস্তরের ছাত্রজনতা′।
বুধবার (২ জুলাই) সকাল ১০টায় ‘সর্বস্তরের ছাত্রজনতা’র ব্যানারে পটিয়া ব্লকেড কর্মসূচি ঘোষণা করে ছাত্ররা পটিয়া থানা ঘেরাও করে। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলমান রয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপংকর তালুকদারকে বৈষম্যবিরোধী ছাত্ররা পটিয়ায় আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ ছাত্রলীগ নেতাকে গ্রহণে অনিচ্ছা প্রকাশ করলে, বাকবিতণ্ডার এক পর্যায়ে ওসি জায়েদ নূরের নেতৃত্বে পুলিশ দুই দফায় ছাত্রদের ওপর লাঠিচার্জ করে, এতে বহু ছাত্র আহত হয়।
এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্ররা বুধবার সকাল ১০টায় ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি আহ্বান করে।
পড়ুন: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
এস/


