১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ পার্সেন্ট কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে সারাদেশের ন্যায় পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি পরিষদের পটুয়াখালী জেলা শাখা।
রোববার (০১ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় পটুয়াখালী পৌর এলাকার হৃদয় তরুয়া চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সভাপতি প্রকৌশলী পিন্টু তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ, পটুয়াখালী জেলা কমিটির আহবায়ক, ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্না, প্রকৌশলী হুমায়ন কবির সোহাগ, ইঞ্জিনিয়ার মাঈনুল হোসেন, ইঞ্জিনিয়ার লিটন চন্দ্র বার, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম রিশাদ, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি জাহিদুল ইসলাম, ও মেহেদী হাসান ইভান।
এসময় মানববন্ধন কর্মসূচিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন ডিপ্লোমা প্রকৌশলীরা অধিকার আদায়ে রাজপথের কোন আন্দোলনে তারা পরাজিত হয় নাই, বিজয়ই নিয়েই তাদের কর্মক্ষেত্রে ফিরছেন এবারও তার ব্যতয় হবেনা। আমরা বিজয় নিয়েই ফিরবো ইনশাল্লাহ।
তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন ফ্যাসীবাদ মুক্ত একটি উৎসব মুখর পরিবেশে একটি জাতীয় নির্বাচন যখন দুই সপ্তাহ বাকী তখন কোন উদ্দেশ্যে কমিটি এ ধরনের সুপারিশ করেছে তা খতিয়ে দেখুন। নির্বাচন বানচালে দেশী বিদেশী চক্রান্তের অংশ কিনা তাও ভেবে দেখা উচিত।
বক্তারা এ সুপারিশের বিরোধীতা করে প্রত্যাহারের দাবি জানান।


