পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর, আউলিয়াপুর ও মাদারবুনিয়া ইউনিয়নের সাধারণ নাগরিকদের উদ্যোগে কোহিনুর অটো রাইচ মিলের বিষাক্ত বর্জ্যপানি ও রফিক ঢালীর স্ব-মিলের বর্জ্য এবং অবৈধ দখল থেকে মরা খাল (গোরাই নদী) রক্ষা ও পরিবেশ রক্ষার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২১ মে) সকাল ১২ টায় পশ্চিম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় শিক্ষার্থী, কৃষক, যুবসমাজ, প্রবীণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণিপেশার সহাস্রাধিক মানুষ। তাঁরা দূষণমুক্ত, দখলমুক্ত ও বাসযোগ্য পরিবেশ গঠনের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মিলের বর্জ্য, কেমিকেল যুক্ত গরম পানি সরাসরি খালে ফেলছে ও খাল দখলের কারণে স্থানীয় পরিবেশ চরমভাবে বিপর্যস্ত হচ্ছে। কৃষি উৎপাদন হ্রাস, পানির স্বাভাবিক প্রবাহে বাধা এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
এই মিলের বর্জ্য পানিতে ফেলায় আমাদের মাছ নেই, চাষাবাদ নেই। খাল দখলে থাকায় পানি আটকে আছে। মশা উৎপাদন হচ্ছে। আমরা বাঁচতে চাই, আমাদের পরিবেশকে বাঁচাতে চাই।
তাঁরা সতর্ক করে বলেন, সমস্যার সমাধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
মানববন্ধনে উত্থাপিত প্রধান দাবিসমূহ কোহিনুর অটো রাইচ মিল থেকে বিষাক্ত বর্জ্যপানি নির্গমন অবিলম্বে বন্ধ করা, রফিক ঢালীর মালিকানাধীন মিলের বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ করা,অবৈধ দখলদারদের কবল থেকে স্থানীয় মরা খাল উদ্ধার করা,প্রাকৃতিক খাল ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ নিশ্চিত করা।
এনএ/


