বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনী স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বাহিনীর জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য, এ বাহিনীর প্রতিটি সদস্য মানুষের মধ্যে থেকে সমাজের এবং নিজের সমৃদ্ধি বয়ে আনবে। নিরপেক্ষ নির্বাচন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ ব্যাপারে সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।
সোমবার সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চান্দুপাড়ায় আভিকো এলাকায় সঞ্জীবনী প্রকল্পের জমি পরিদর্শন এবং জমি কাগজপত্র/দলিল বিষয়ে খোজ খবর গ্রহন শেষে পটুয়াখালী জেলা আনসার ভিডিপির কার্যালয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আনসার বাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পাশাপাশি দেশপ্রেম, সততা ও আদর্শ নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্লাটুনভিত্তিক কৃষি ও অকৃষি ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ, সুবিধাবঞ্চিত আনসার ভিডিপি সদস্যদের জীবিকার মান উন্নয়নে সহায়ক হবে এবং পিছিয়ে পড়া আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের আর্থ-সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক বিনিয়োগ’ মডেলের ভিত্তিতে পরিকল্পিত ‘সঞ্জীবনী প্রজেক্ট’ প্রকল্পের মাধ্যমে আনসার ভিডিপি সদস্যরা তাদের জীবনের মৌলিক চাহিদা পূরণে এবং উৎপাদনমুখী কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করবে।
বাহিনীর ৬০ লক্ষ সদস্য-সদস্যাদের জীবন মানের উন্নয়নের সাথে তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে, নিজেদের সমৃদ্ধির সাথে সাথে গ্রামীণ অর্থনীতিতে প্রভাব পড়বে যা জাতীয় ভাবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি যে কোন জটিলতার দ্রæত সমাধানের জন্য রেঞ্জ কমান্ডার, অধিনায়ক, পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, পটুয়াখালীকে নির্দেশ প্রদান করেন। তাছাড়া প্রকল্পের কাজের অগ্রগতি বাড়ানোর নির্দেশ প্রদান করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের পরিচালক সদন চাকমা, আনসার ও ভিডিপি সদর দপ্তরের (ওয়েলফেয়ার) শাখার পরিচালক এনামুল খাঁন, বরগুনা জেলার জেলা কমান্ড্যান্ট, উজ্জ্বল কুমার পাল ও পটুয়াখালী জেলার জেলা কমান্ড্যান্ট, শফিকুল ইসলাম সহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন পুরাতন জেল খানার ৪.৯০ একর ভুমির, দলিল হস্তান্তরর/ব্যাটালিয়ন সদর কোম্পানি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মহাপরিচালক।
পড়ুন- ঐতিহাসিক গৌরবের দিন উদযাপন: মেলান্দহে পাক হানাদারমুক্ত দিবস পালিত
দেখুন- ইসির সঙ্গে জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক


