পটুয়াখালীর দশমিনায় ব্যতিক্রমী আলোচনার জম্ম দিয়েছেন এক প্রবাসী। মায়ের স্বপ্ন পূরন করতে মালয়শিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মো. আউয়াল মৃধা।
বুধবার বিকাল ৩টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে পটুয়াখালী দশমিনার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে আসেন তিনি। হেলিকপ্টারটি অবতরণ করলে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের সদস্য অসীম মেলকার সহ স্থানীয় গ্রামবাসীরা ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন। প্রবাসী আউয়াল মৃধা ওই গ্রামের মৃত আব্দুল আজিজ মৃধার ছেলে।
হেলিকপ্টার নামার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ভিড় করেন দৃশ্যটি এক নজর দেখার জন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় থানা পুলিশ, গ্রাম পুলিশ ও গণমাধ্যমকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আউয়াল মৃধার বড় ভাই ওহাব মৃধা বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছাও নেই। আমাদের বাবার ইচ্ছে ছিল এলাকার মানুষের কল্যাণে কিছু করা। সেই লক্ষ্যেই আমরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। সামনে আরও উন্নয়নমূলক কাজের পরিকল্পনা রয়েছে।
অনুভূতি প্রকাশ করে প্রবাসী আউয়াল মৃধা বলেন, আমার মায়ের স্বপ্ন ও ইচ্ছা ছিল-একদিন বড় হয়ে কিছু করবো। মায়ের সেই স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে আজ হেলিকপ্টার যোগে বাড়িতে ফিরলাম। প্রায় ২২ বছর ধরে আমি মালয়েশিয়ায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত আছি। আমরা তিন ভাই এবং তিন জনই বর্তমানে প্রবাসে আছি। আগামী ১৫ ডিসেম্বর আমাদের বাড়িতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দ্রুত দেশে আসতে হয়েছে। সকলকে এই মাহফিলে আমন্ত্রণ জানাচ্ছি।


