দীর্ঘ ১৮ মাস পরিত্যক্ত থাকার পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার সকালে এ কর্মসূচি পালন করেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।
শনিবার সকালে নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াতসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
এ বিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। এটি জাতীয় দিবসের কর্মসূচি হওয়ায় এ বিষয়ে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা মানেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় পতাকাকে অবমাননা করা হবে।
দীর্ঘ সময় পর আওয়ামী লীগ কার্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের এই প্রত্যাবর্তন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পড়ুন- আশুলিয়ায় পুলিশের অভিযানে কিশোর গ্যাং এর ১৪ সদস্য গ্রেফতার


