শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নারায়নপুরে ৯ বছর ধরে চলছে মেসার্স নিউ ন্যাশনাল ব্রিকস। দীর্ঘদিন ধরে আইনকানুনের তোয়াক্কা না করে ইট তৈরি করে বিক্রি করছে তারা। ইটভটির বৈধ কাগজপত্র না থাকলেও আইনগত ব্যবস্থা না নিয়ে রহস্যজনক আচরন করছে প্রশাসনের কর্তাব্যক্তিরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর বাজারের উত্তর পাশে নদীর পাড়ে ফসলি জমি নষ্ট করে গড়ে উঠেছে একটি ইটভাটা। ৯ বছরের বেশি সময় ধরে ভাটাটিতে ইট তৈরি করে বিক্রি করা হচ্ছে। ফসলি জমির মাঠের মধ্যে কিভাবে ইট ভাটাটি গড়ে উঠেছে এনিয়ে নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা।কিভাবে ফসলি জমির মধ্যে ইটভাটাটি চলছে জানতে চাইলে ভাটার ম্যানেজার আবুল খায়ের জানান,ইটভাটার সব ধরনের কাগজপত্র আমাদের কাছে আছে।তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নাই।আর ইট পোড়ানোর লাইসেন্সের বিষয় তিনি বলেন,লাইসেন্স আছে কি না মালিক/ কোম্পানি বলতে পারবে।
মালিকপক্ষের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জিয়া বলেন, আমাদের অনেক কাগজপত্র রয়েছে।কিন্তু সেগুলো মালিকের কাছে আছে।মালিক আজকে নেই। তবে পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র পাওয়ার জন্য নতুন করে আবেদন করব।
শরীয়তপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রাসেল নেমান বলেন, মেসার্স নিউ ন্যাশনাল ব্রিকসের কোন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। আইনগতভাবে ভাটাটি অবৈধ। তাই জেলা প্রশাসনের সহায়তায় শিগগিরই আমরা অভিযান পরিচালনা করব।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। ভাটাটির বিষয়খোজ খবর নিয়ে আইনগত পদক্ষেপ দিব।
পড়ুন : শরীয়তপুরের মাটি বিএনপির ঘাঁটি : মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু


