জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে অনির্দিষ্টকালের জন্য বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কার্যালয়ের পরিচালক ড মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং আবাসিক হল সংসদ সমূহের নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি এই সময়ে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। সেই আলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল ০৩ মে (শনিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়াও বিজ্ঞাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে নিজ নিজ পরিচয়পত্র বহন করার জন্য বলা হয়েছে ।
এবিষয়ে বিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা ইতমধ্যেই জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। জাকসু নির্বাচনকে নিরাপদ ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করার জন্য আমরা বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছি। একই সাথে শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র বহন করার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থী এবং সহায়তা কামনা করছি এ বিষয়ে।
অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইতমধ্যেই কাজ শুরু করেছি। আপাতত আমাদের নিজস্ব নিরাপত্তারক্ষী বাহিনী ও আনসার এ দায়িত্ব পালন করবে। ধাপে ধাপে আমরা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সাহায্য নিবো।
পড়ুন: দেশ গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহ্বান প্রধান উপদেষ্টার
দেখুন: ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ
ইম/


