আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে গণসংযোগ করেছে পলাশ উপজেলা ও ঘোড়াশাল শহর ছাত্রদল।
বুধবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় পলাশ বাসস্ট্যান্ড থেকে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল শহর ছাত্রদলের যৌথ উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল গণসংযোগ বের হয়। এতে নেতৃত্ব দেন পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন এবং ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান।
গণসংযোগটি বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় গিয়ে আগত মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে কর্মসূচিটি শেষ হয়।
পথসভায় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ আগ্রহভরে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। জনগণ যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানকে বিজয়ী করে দেশের দায়িত্ব অর্পণ করেন—তবে তিনি তাদের আস্থার মর্যাদা রাখবেন।
তারা আরও বলেন, একজন সুদক্ষ, সুশিক্ষিত ও বিচক্ষণ নেতা হিসেবে ড. মঈন খান নরসিংদী-২ (পলাশ) আসনের উন্নয়ন, জনগণের জীবনমানোন্নয়ন এবং পলাশ উপজেলাকে আধুনিক ও সুসজ্জিত করে গড়ে তুলতে সক্ষম।
গণসংযোগে পলাশ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- আওয়ামী লীগের প্রকৃত রূপ সন্ত্রাস: মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু


