বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (রোববার) ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে সকাল ৫টা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ ও রোড ডাইভারশন কার্যকর থাকবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা বৈশাখের দিন বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে থাকে।
সে কারণে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে নিচের ১৩টি ক্রসিংয়ে যান চলাচল বন্ধ রাখা হবে—বাংলামোটর, পুলিশ ভবন, সুগন্ধা, কাকরাইল চার্চ, কদমফোয়ারা, হাইকোর্ট (পূর্ব ও দক্ষিণ), দোয়েল চত্বর, রমনা, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য, নীলক্ষেত ও কাটাবন।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহন বাংলামোটর থেকে বামে মোড় নিয়ে মগবাজার হয়ে গন্তব্যে যাবে। গোলাপশাহ মাজার থেকে হাইকোর্টগামী যানবাহন কদমফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল হয়ে চলবে। সায়েন্সল্যাব থেকে শাহবাগ অভিমুখী গাড়ি আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার হয়ে চলবে।
পয়লা বৈশাখ উপলক্ষে গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলো হলো—
১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত
২. মৎস্যভবন থেকে সেগুনবাগিচা (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ির জন্য)
৩. শিল্পকলা একাডেমি গলি
৪. কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত
৫. দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল পর্যন্ত
৬. আবদুল গনি রোড
ডিএমপি সাধারণ জনগণকে উৎসবস্থলে নিরাপদে এবং সময়মতো পৌঁছাতে এই ট্রাফিক নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।
পয়লা বৈশাখ বাঙালির জাতীয় উৎসব। এ উপলক্ষে রাজধানীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ডিএমপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
পড়ুন: পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা নিয়ে ডিএমপির নির্দেশনা
দেখুন: পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান |
ইম/


