জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় মানিকা উচ্চ বিদ্যালয়ে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় চলার কথা থাকলেও রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকেই স্কুল ছুটি দিয়ে দেন প্রধান শিক্ষক। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরে সরেজমিনে গিয়ে বড় মানিকা উচ্চ বিদ্যালয়টি ছুটি দেওয়া অবস্থায় দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ রমজানের ছুটি শেষে এদিনই প্রথম বিদ্যালয় খোলে। কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দুপুর ১টায় আগাম ছুটি দেওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকরা। তারা বিষয়টিকে প্রতিষ্ঠান প্রধানের চরম খামখেয়ালিপনা ও অনিয়ম হিসেবে দেখছেন। সুষ্ঠু পাঠদান নিশ্চিতে তারা শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটির বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মহসিন আলী মণ্ডল খোঁড়া যুক্তি দেখিয়ে বলেন, দীর্ঘ রমজান মাসের ছুটি শেষে আজ প্রথম দিন। শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম ছিল, তাই নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষকের এমন যুক্তির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তোফাজ্জল হোসেন বলেন, বিকেল ৪টার আগে কোনোভাবেই স্কুল ছুটি দেওয়ার নিয়ম নেই। এর আগেই যদি ছুটি দিয়ে থাকে, তবে প্রধান শিক্ষককে সতর্ক করা হবে।
বিষয়টি নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, দুপুর ১টায় স্কুল ছুটি দেবে কেন? আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। পরবর্তীতে তিনি আবারও ফোন করে জানান, প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার জন্য কল করা হলেও তিনি ফোন রিসিভ করছেন না।
পড়ুন:চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল
দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |
ইমি/


