দুবাইয়ে আজ আবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। প্রথম পর্বে একই মাঠে ঘটনাবহুল প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল ভারত। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় খেলোয়াড়েরা করমর্দন না করায় বিতর্ক কম হয়নি। ওই ঘটনার জেরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারনও দাবি করেছিল পাকিস্তান। তবে আজ জিম্বাবুইয়ান পাইক্রফটই থাকছেন ম্যাচ রেফারি। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ।
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। আজকেও টস শেষে হাত মেলাননি দুই অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচ জয়ের সুখস্মৃতি নিয়েই আজ খেলতে নামবে ভারত। আজ জিতলেই ভারত–পাকিস্তান লড়াইয়ে টানা জয়ের নতুন রেকর্ড গড়বে ভারতীয়রা।
এই দুই দলের ম্যাচ মানেই যে গ্যালারিঠাসা দর্শক, টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে খেলা দেখার নতুন রেকর্ড। একটা সময় মাঠেও আগুনে লড়াই হতো। দুই দলের কত কত ম্যাচের পাশেই তো ‘ক্ল্যাসিক’ শব্দটা খুব বেশি না ভেবেই বসিয়ে দেওয়া যায়।
সেই ভারত ও পাকিস্তানের আজকাল বহুজাতিক টুর্নামেন্ট ছাড়া দেখাই হয় না। দেখা যে হয় না, সেটির কারণ রাজনীতি। যখন আবার দেখা হয়, তখন আবার খেলার চেয়ে ভূরাজনৈতিক কারণেই বেশি উত্তেজনা ছড়ায়। ২০২৫ এশিয়া কাপেও যেমন হচ্ছে।
পড়ুন : ভারত-পাকিস্তান লড়াই আজ, হ্যান্ডশেক করবেন তো দুই অধিনায়ক?


