লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিজানুর রহমান নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে ঘাস কাটতে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আহত মিজানুর রহমান পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও সীমান্ত সূত্র জানায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ধবলসুতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮২৬/১-এস সংলগ্ন এলাকায় মিজানুর রহমান ঘাস কাটতে যান। একপর্যায়ে তিনি শূন্যরেখা পার হয়ে ভারতের প্রায় ১০ গজ অভ্যন্তরে গাটিয়ার ভিটা এলাকায় প্রবেশ করেন। এ সময় ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।
গুলিটি মিজানুরের কাঁধে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠায়।
এদিকে, এ ঘটনার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী, এক ভারতীয় নাগরিককে ধরে ফেলে। পরে পরিস্থিতি বিবেচনায় তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, স্থানীয় এক যুবক কৃষিকাজ বা ঘাস কাটার জন্য ৮২৬ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় গেলে সেখানে এই ঘটনা ঘটে।
ঘটনার পর সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরীহ কৃষকের ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে তিস্তা ব্যাটলিয়নের ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে । তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
পড়ুন:বয়স্ক ভাতা নিয়ে প্রহসন: জালিয়াতিতে জ্যান্ত মানুষ ‘মৃত’
দেখুন:একবারও আইভীর নাম মুখে নিলেন না শামীম ওসমান
ইমি/


