পাবনার সোনালী ব্যাংক প্রধান শাখায় পেনশনের টাকা তুলতে এসে অভিনব প্রতারণা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. মনিরুল ইসলাম (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ব্যাংক চত্বরেই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী মনিরুল ইসলাম ঢাকা সরকারি বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মী এবং সুজানগর উপজেলার কাশিনাথপুরের হরিদাপুর এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী মনিরুল ইসলাম ঢাকা সরকারি বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মী এবং সুজানগর উপজেলার কাশিনাথপুরের হরিদাপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা গেছে, রোববার সকালে মনিরুল ইসলাম তাঁর পেনশনের ৩ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সময় এক অজ্ঞাত ব্যক্তি তাঁর পিঠে ‘ময়লা লেগেছে’ বলে দৃষ্টি আকর্ষণ করে। ওই ব্যক্তির পরামর্শে বৃদ্ধ মনিরুল ইসলাম ব্যাংকের ভেতরে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হতে গেলে প্রতারক চক্রের সদস্য তাঁর পিছু নেয়। তিনি যখন হাত পরিষ্কার করতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে তাঁর ব্যাগ থেকে ৩ লাখ টাকার বান্ডিলটি নিয়ে দ্রুত চম্পট দেয় ছিনতাইকারী।
মনিরুল ইসলাম বিষয়টি টের পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার করে ধাওয়া দিলেও উপস্থিত লোকজনের মধ্যে কোনো হেলদোল দেখা যায়নি। অভিযোগ উঠেছে, ব্যাংকের কর্মচারী, আনসার সদস্য কিংবা দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ছিনতাইকারী অনায়াসেই ব্যাংক এলাকা ত্যাগ করতে সক্ষম হয়। দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের দাবি, বৃদ্ধ ব্যক্তিটি স্বাভাবিকভাবেই ভেতরে যাওয়া-আসা করছিলেন। তিনি স্পষ্টভাবে পরিস্থিতি বোঝাতে না পারায় তারা শুরুতে গুরুত্ব বুঝতে পারেননি।
ঘটনার পর ব্যাংকের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। সেখানে দেখা গেছে, সন্দেহভাজন তিন জন ব্যক্তি টাকার বান্ডিল হাতে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছে। উল্লেখ্য, এদিনই সকাল ১১টায় উক্ত শাখায় নতুন ম্যানেজারের দায়িত্ব গ্রহণের কথা ছিল।
পাবনা সদর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা খোয়া যাওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
ব্যাংকের মতো একটি সুরক্ষিত জায়গায় এমন অভিনব চুরির ঘটনায় সাধারণ গ্রাহক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ব্যাংক চত্বরে নিরাপত্তা জোরদার, নিয়মিত সিসিটিভি মনিটরিং এবং দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।
পড়ুন-গাইবান্ধায় সেপটিক ট্যাংক থেকে তরুনীর গলাকাটা মরদেহ উদ্ধার


