এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রাম একটি জাতীয় সমস্যা। কাজেই সব রাজনৈতিক দলকে আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে জাতীয় সংগতির বিষয়টি গুরুত্ব সহকারে তাদের নির্বাচনের ইশতেহারে স্থান দিয়ে পথ রেখায় উপস্থাপন করতে হবে। যদি এটার সমাধান না হয় তাহলে জাতি হিসেবে, দেশ হিসেবে আমরা দুর্বল হয়ে যাব।’
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাঙামাটির বার্গী লেকভ্যালি রিসোর্টে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগ ‘আঞ্চলিক পরামর্শ সভা’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে; যার জন্য একটি জাতীয় সমাধান গুরত্বপূর্ণ ও প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যার জন্য এই অঞ্চলের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে সকলের অধিকার স্বীকৃতি দিয়ে ইতিহাসের প্রতি সম্মান দিয়ে একটি সমাধানের পথরেখা বের করতে হবে। এই অঞ্চলে ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিকাশ হচ্ছে। এখানে একাধিক দেশ সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টি নিরাপত্তা ও জাতীয় অখন্ডতা দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়ে আসছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি দোলাচলের মধ্যে আছে। ভীতিমুক্ত ভোটার ও প্রভাবমুক্ত প্রশাসন এবং সক্ষম আইন প্রয়োগকারী সংস্থা এগুলো দৃশ্যমান চিত্র এখনো আমরা দেখতে পাচ্ছি না। কাজেই এই দৃশ্যমান চিত্র আনার জন্য আগামী যে সময়গুলো রয়েছে তার জন্য সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনী তারা তাদের ভূমিকা পালন করবে বলে আমরা এমনটা প্রত্যাশা করি।’
এদিন সকাল ১১টার পর বার্গী লেকভ্যালিতে অনুষ্ঠিত আঞ্চলিক পরামর্শ সভার সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সমাপনী বক্তব্য রাখেন- সিপিডির সম্মানীয় ফেলো ও নাগরিক প্লাটফর্মের কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
সভায় চাকমা রাজ কার্যালয়ের উপদেষ্টা রানী ইয়েন ইয়েন, সমাজকর্মী লেলুং খুমী, জুমলিয়ান আমলাই, শিক্ষাবিদ ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন সদস্য বাঞ্চিতা চাকমা, হেডম্যান (মৌজাপ্রধান) থোয়াই অং মারমা ও শান্তিবিজয় চাকমা, আইনজীবী রফিকুল ইসলাম, সুস্মিতা চাকমা, রাজীব চাকমা, কারবারি (গ্রামপ্রধান) শান্তনা খীসা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য নাই উ প্রু মারমা মেরী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরাসহ তিন পার্বত্য জেলা থেকে শিক্ষক, আইনজীবী, হেডম্যান-কার্বারি, নারী অধিকারকর্মী, পরিবেশকর্মী, সমাজকর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
এসময় সুষ্ঠু নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার, দুর্নীতি দমন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, জনপ্রতিনিধিদের জবাবদিহিসহ নানা প্রসঙ্গে বক্তব্য দেন অংশগ্রহণকারীরা।
পড়ুন : http://রাঙামাটি-চট্টগ্রাম সীমান্ত এলাকায় ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ আনাগোনার অভিযোগ


