আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে ইউপিডিএফ বলেছে, পার্বত্য চট্টগ্রামে নিয়ন্ত্রণ বজায় রেখে কোনোভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে এ মন্তব্য করেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহসভাপতি নূতন কুমার চাকমা।
সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘যেখানে মত প্রকাশ ও সভা-সমাবেশের অধিকার নেই, গণতান্ত্রিকভাবে দলীয় কার্যক্রম পরিচালনার পরিবেশ নেই এবং যেখানে প্রতিদিন গ্রামে গ্রামে অপারেশনের নামে ভীতিকর পরিস্থিতি জারী রাখা হয়েছে, সেখানে সুষ্ঠু নির্বাচনের আশা করা স্বপ্নবিলাস মাত্র।’
“দেশের বিশাল একটি অংশ পার্বত্য চট্টগ্রামে অগণতান্ত্রিক-ফ্যাসিস্ট শাসন বজায় রেখে নির্বাচনের মাধ্যমেও দেশে কনোন প্রকৃত গণতান্ত্রিক সরকার ও শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে না” বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এই ধরনের তথাকথিত নির্বাচনে কেবল একটি বিশেষ দলের ফ্যাসিস্ট শাসনের পরিবর্তে অন্য একটি দলের ফ্যাসিস্ট শাসনই কায়েম হতে পারে।’
ইউপিডিএফ নেতা পার্বত্য চট্টগ্রামে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে চারটি জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এগুলো হলো- সেনাশাসন ও নিয়ন্ত্রণ তুলে নিয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, ফ্যাসিস্ট হাসিনার আমলে সৃষ্ট ‘ঠ্যাঙাড়ে বাহিনী’কে ভেঙে দিয়ে খুন-গুম-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এই বাহিনীর সদস্যদের গ্রেফতার ও বিচার করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার পরিচালিত সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং গ্রামে গ্রামে অপারেশন, জনগণকে হয়রানি, গ্রেফতার ও নির্যাতন বন্ধ করা।
নূতন কুমার চাকমা বলেন, ‘ইউপিডিএফের নেতৃত্বে পাহাড়ি জনগণ পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমতলের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট হাসিনার জালিম শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে তাদের যৌক্তিক পদক্ষেপের প্রতি সমর্থন ও সহায়তাদানের কথাও ব্যক্ত করেছিল।’
বস্তুত পার্বত্য চট্টগ্রামে ফ্যাসিস্ট হাসিনার শাসন আর ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই বলে তিনি মন্তব্য করেন। ইউপিডিএফ নেতা বিবৃতিতে ‘জুলাই ঘোষণা’ নিয়েও সংশয় প্রকাশ করে বলেন, এতে আরও গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয় স্থান না পাওয়ায় অনেক রাজনৈতিক দলের নিকট তা গ্রহণযোগ্য হবে না।
পড়ুন: দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নেত্রকোনায় যুবক নিহত
দেখুন: অর্থ ও খাবার সঙ্কটে পাকিস্তানের সেনাবাহিনী |
ইম/


