ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, পহেলা বৈশাখে ঢোল-তবলা ও পেঁচার ছবি দিয়ে যে মিছিল হয়, তা বাংলাদেশের সংস্কৃতি নয়। এটা পাশের দেশের স্ক্রিপ্টের সংস্কৃতি। তাই পাশের দেশের স্ক্রীপ্টের পহেলা বৈশাখ বাংলাদেশের জনগণ মানতে পারে না এটা চলবে না। আমরা এই অপসংস্কৃতি এদেশে চাই না।
১০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলার ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি একটি দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাদের বলে দিতে চাই, সংস্কার ছাড়া যদি এদেশে কোন নির্বাচন হয়। সেটাকে নির্বাচন বলা হবে না। কারন সেটা হবে প্রহসনের নির্বাচন। আর অবশ্যই ওই নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ। কাজেই সংস্কার ব্যাতিত যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে ডাকাতি-জুলুম ও দখলধারীর নির্বাচন। আমরা চাই সংস্কার, তারপর নির্বাচন।
বক্তব্য শেষে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চাঁদপুর সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটির নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদীনসহ নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

