পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিসহ পার্বত্য চট্টগ্রামের ‘বৈষম্যমূলক’ আইন সংশোধনে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনটির প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, আবু বকর ও মোরশেদা আক্তার, খাগড়াছড়ি জেলা সভাপতি মো. লোকমান হোসেন, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম।
আলোচনায় সভায় বক্তারা বলেন, ‘বৈষম্যবিরোধী চেতনা নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর শেষ হতে চললেও এ সরকার পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালির মধ্যে বৈষম্য নিরসন করতে পারেনি। উল্টো এ সরকারের অধীনে গঠিত জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডে বাঙালিদের অধিকার বঞ্চিত করা হচ্ছে।’
তারা আরও বলেন, ‘পার্বত্যবাসী আশা করেছিল পাহাড়ের সকল ধরণের বৈষম্য নিরসন হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পার্বত্যবাসীকে হতাশ করেছে। সরকারের উপদেষ্টা পরিষদের কতিপয় সদস্য এবং সংস্কার ও জাতীয় ঐক্যমত কমিশন পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্য দিয়ে যাচ্ছে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পাহাড়ে বিরাজমান বৈষম্য নিরসনে উদ্যোগ না নেয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হুঁশিয়ারি দেন বক্তারা।
পড়ুন: গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাঙামাটিতে এনসিপির বিক্ষোভ মিছিল
এস/


